বাবাকে মারধরের সময় ৯ বছরের মেয়ের কান্না! চা-রুটি নিয়ে বাবার পাশে দাঁড়াল শিশুটি

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় বাবাকে মারধরের দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে তার মাত্র নয় বছরের মেয়ে।


স্থানীয়দের ভাষ্য, ভোরে বামরাইল বাজারে চুরির অভিযোগে অনিক নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে কয়েকজন মারধর করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বাজার এলাকায় মানুষের ভিড় জমে যায়। সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি।

এর মধ্যেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে আসে নয় বছরের শিশুটি। বাবাকে মারধর করতে দেখে কান্নায় ভেঙে পড়ে সে। উপস্থিত লোকজনের কাছে বাবাকে আর মারধর না করার জন্য অনুরোধ করতে থাকে।

এরপর শিশুটির কর্মকাণ্ডে আরও আবেগঘন হয়ে ওঠে পরিস্থিতি। বাবার জন্য চা ও রুটি নিয়ে আসে সে। চায়ের মধ্যে রুটি ভিজিয়ে নিজের হাতে বাবার মুখে তুলে দিতে দেখা যায় তাকে।

কাঁদতে কাঁদতে বাবাকে শিশুটি বলতে থাকে, “দেখো বাবা, তোমার কিছু হবে না।” এরপর বাবার শরীরের ব্যথার জায়গায় ছোট্ট হাত দিয়ে বুলিয়ে দিয়ে সে জানতে চায়, “বাবা, বেশি ব্যথা পাইছো?”

শিশুটির এমন দৃশ্য উপস্থিত অনেকের মন ছুঁয়ে যায়। ঘটনাটি পরে এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন