ভিডিও বিতর্ক নিয়ে আলোচনা চলার মধ্যেই জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এসেছে। একটি আবেদনপত্রে এসব অভিযোগ তুলেছেন ওবায়দুর রহমান, যিনি নিজেকে গাজী নজরুল ইসলামের সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী বলে দাবি করেছেন।
গণমাধ্যমে পৌঁছানো আবেদনপত্র অনুযায়ী, গত ২০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন ওবায়দুর রহমান। এতে তিনি দাবি করেন, তার ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন গাজী নজরুল ইসলাম। একই সঙ্গে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
আবেদনে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীর আলীনগরের রোজ গার্ডেন টাওয়ার-২-এর একটি ফ্ল্যাটে তিন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন বলে দাবি করা হয়েছে। হামলায় জড়িত হিসেবে আমিন, মাসুম বিল্লাহ ও মোস্তাসিম বিল্লাহ নামে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।
ওবায়দুর রহমানের ভাষ্য অনুযায়ী, তার চিৎকার শুনে মা ও ছোট বোন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে রাত ১২টা ৩৮ মিনিটে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে আত্মগোপনে রয়েছেন বলেও আবেদনপত্রে উল্লেখ করেছেন তিনি।
আবেদনপত্রে আরও দাবি করা হয়েছে, গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন। এ কারণেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুর রহমান।
এছাড়া আবেদনপত্রে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে জমি ও বালুমহল দখল, ঘুষ গ্রহণ, মব বাহিনী গঠন এবং নারী-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে এক তরুণীর সঙ্গে অবস্থানের দাবিও করা হয়েছে।
তবে আবেদনপত্রে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো প্রামাণ্য নথি সংযুক্ত রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে এসব অভিযোগের বিষয়ে গাজী নজরুল ইসলামের কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
