ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র

 


আশুলিয়ার মাদরাসা থেকে পাকিস্তানি রিভলবার ও গুলি উদ্ধার

ঢাকার আশুলিয়ার একটি মাদরাসা প্রাঙ্গণ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৪। বুধবার (১৭ জুন) বিকেলে শ্রীপুর গণকবাড়ী এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে মাদরাসা প্রাঙ্গণে মাদক মজুদের তথ্য পাওয়া গেলেও তল্লাশির একপর্যায়ে নির্মাণাধীন একটি ওয়াশরুম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

তল্লাশির সময় ওয়াশরুমের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে লুকিয়ে রাখা একটি ছেঁড়া শপিং ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগের ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া আট চেম্বারবিশিষ্ট রিভলবারটির ব্যারেল, ট্রিগার ও হ্যামার অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘Made in Pakistan’ লেখা খোদাই করা ছিল। এছাড়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘T’ খোদাই করা দেখা গেছে।

র‍্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় জানান, অস্ত্র ও গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এগুলোর প্রকৃত মালিক কে, কীভাবে মাদরাসা প্রাঙ্গণে পৌঁছেছে এবং কারা সেখানে লুকিয়ে রেখেছিল, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন